|
Date: 2026-10-12 17:25:11 |
ঝুটবোঝাই কার্গো ট্রাকে করে যশোরে নেওয়া হচ্ছিল ইয়াবার চালান, জব্দ ট্রাক ও তিনটি মোবাইল ফো
রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ চেকপোস্টে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত ঝুটবোঝাই একটি ১২ টনের টাটা কার্গো ট্রাক এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৯০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে এ অভিযান চালানো হয়। একই দিন বিকেল ৩টার দিকে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মীর মনির হোসেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোরের বেনাপোল পোর্ট থানার গয়রা গ্রামের আমিন উদ্দিনের ছেলে মো. রমজান আলী (৩৪), একই থানার দিঘীরপাড় গ্রামের মৃত কওসার আলীর ছেলে ট্রাকচালক মো. আরমান হোসেন ইউনুস (৩০) এবং কাগমারী গ্রামের মো. মালেক মোড়লের ছেলে ট্রাকের হেলপার মো. আরিফ হোসেন (৩২)। পুলিশের ভাষ্য অনুযায়ী, রমজান আলী চালানটির মূল মাদক কারবারি।
পুলিশ জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল জানতে পারে, ইয়াবার একটি বড় চালান নিয়ে একটি ট্রাক পাটুরিয়া ফেরিঘাট হয়ে যশোরের উদ্দেশে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করা হয়।
ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেট্রো-ট-১৮-১১১৮ নম্বরের একটি ঝুটবোঝাই টাটা কার্গো ট্রাক থামানো হয়। এ সময় চালক, হেলপার ও চালকের পেছনের বক্সে শুয়ে থাকা এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁদের কথাবার্তা ও আচরণে পুলিশের সন্দেহ হয়। একপর্যায়ে তাঁরা ট্রাক থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশের সদস্যরা তিনজনকে আটক করেন।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে চালকের পেছনের বক্সে শুয়ে থাকা রমজান আলীর মাথার নিচ থেকে নীল রঙের ১৫০টি জিপার ব্যাগে রাখা মোট ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন তিন কেজি এবং বাজারমূল্য ৯০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া ঘটনাস্থল থেকে ১২ টনের টাটা কার্গো ট্রাক, দুটি স্মার্টফোনএবং একটি বাটন ফোন জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো ঢাকা থেকে সংগ্রহ করা হয়েছিল। পরে ট্রাকচালক ও হেলপারের সহায়তায় সেগুলো যশোরে নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে জেলা পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ৯(গ)/১০(গ) অনুযায়ী গোয়ালন্দঘাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে রাজবাড়ী জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
© Deshchitro 2024