নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা

নওগাঁর নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী এবং উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর থানার ওসি (তদন্ত) আবু তালেব, সাব-ইন্সপেক্টর আমিনুল ইসলাম, সাব-ইন্সপেক্টর এমদাদসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা মন্দির কমিটির সভাপতি ভীম চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক ডালিম কুমার বর্মন, নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল আজিজ শেখ, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, স্বেচ্ছাসেবক নিয়োগ, দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন রাখা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মন্দির কমিটির নেতাদের সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব বা উসকানিমূলক কর্মকাণ্ডে বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকার এবং সন্দেহজনক কোনো ঘটনা নজরে এলে দ্রুত পুলিশকে জানানোর বিষয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপিত হয়, সে জন্য পুলিশ প্রশাসন, মন্দির কমিটি ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে একটি নিরাপদ পূজার পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024