|
Date: 2026-10-10 18:25:30 |
‘মানবসেবায়, সমাজ পরিবর্তনের প্রত্যয়ে’ স্লোগানকে সামনে রেখে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিংগামানিক ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’ নামে একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবামূলক সামাজিক সংগঠন। সংগঠনটির নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনির হোসেন খান এবং সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিক সোলায়মান খান রানাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আরিফ সরদার নিশু।
শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর দোয়া ও মোনাজাত এবং বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রম শুরু হয়। এর আগে ১১ সেপ্টেম্বর জুমার নামাজের পর সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংগঠনকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে উপদেষ্টা পরিষদ, পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি এবং সাধারণ সদস্যদের তালিকা চূড়ান্ত করা হয়েছে।
উপদেষ্টা পরিষদে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মাস্টার, মো. হারুন খান, হাফেজ মাওলানা তারেক জামিল, ডা. শাহিন বেপারী, ডা. আলমগীর খান, আকবর আলী শেখ, বিল্লাল হোসেন খান, আবু কালাম শেখ, তারা শংকর তালুকদার ও সিরাজ উদ্দিন হাওলাদার।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি দ্বীন ইসলাম ভূঁইয়া, মাসুম খান, পারভেজ খান, উজ্জ্বল ভূঁইয়া ও সাদু তালুকদার; সহকারী সাধারণ সম্পাদক শিমুল ছৈয়াল; সহ-সাংগঠনিক সম্পাদক মনির গলইয়া; অফিস সম্পাদক তুহিন বেপারী; সহ-অফিস সম্পাদক জাহিদ খান, ইমন বেপারী ও রাকিব সরদার; অর্থ সম্পাদক তাওহিদ খান; সহ-অর্থ সম্পাদক নয়ন গলইয়া; আইনবিষয়ক সম্পাদক ইউসুফ রানা খান; সহ-আইনবিষয়ক সম্পাদক মাসুম মালি ও এনামুল সরদার।
এ ছাড়া প্রচার সম্পাদক আসিফ তালুকদার, সহ-প্রচার সম্পাদক সাইফুল শেখ, সোহাগ সরদার ও শামীম সরদার; মানবাধিকার সম্পাদক হৃদয় সরদার, সহ-মানবাধিকার সম্পাদক অন্তর সরদার ও সৌরভ ফকির; ধর্মবিষয়ক সম্পাদক আশিক মাঝী এবং সহ-ধর্মবিষয়ক সম্পাদক মাহিম ভূঁইয়া ও মইনুল শেখ দায়িত্ব পেয়েছেন। কমিটিতে কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যরাও রয়েছেন।
সংগঠনটির ঘোষিত লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে এলাকার রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে উদ্যোগ, স্বেচ্ছায় রক্তদান, অসহায় ও দুস্থ মানুষের সহায়তা, অসচ্ছল রোগীদের চিকিৎসায় সহযোগিতা, বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, এতিম ও প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ানো এবং অসচ্ছল পরিবারের মৃত ব্যক্তির দাফন-কাফনে সহযোগিতা।
এ ছাড়া রমজান ও ঈদে মানবিক সহায়তা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন, খেলাধুলা ও যুব উন্নয়ন, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ, অসহায় কৃষকদের সহযোগিতা এবং প্রবাসী ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে সংগঠনটির। পাশাপাশি মাদকমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ গঠন, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ এবং মানবাধিকার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার কথাও জানিয়েছে সংগঠনটি।
সংগঠনটির নীতিমালায় একে অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার কথা উল্লেখ করা হয়েছে। সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে কার্যক্রম পরিচালনার পাশাপাশি সংগঠনের নামে প্রতারণা, অবৈধ অর্থ সংগ্রহ, আর্থিক অনিয়ম কিংবা নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত সদস্যদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে।
উপদেষ্টা পরিষদের সদস্য হাফেজ মাওলানা তারেক জামিল বলেন, “মানুষের সেবা করা মহৎ কাজ। আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। সংগঠনটির প্রত্যেক সদস্যকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। মানবিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি যেন মানুষের আস্থা অর্জন করতে পারে, সে প্রত্যাশা করি। এ সমাজকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ সবাইকে একসাথে কাজ করার তৌফিক দান করুক।”
আরেক উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মাস্টার বলেন, “একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এলাকার উন্নয়ন, শিক্ষার্থীদের সহযোগিতা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের ভালো কাজে সম্পৃক্ত করার মাধ্যমে আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। সংগঠনটির অগ্রযাত্রায় সবার সহযোগিতা প্রয়োজন।”
সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাংবাদিক সোলায়মান খান রানা বলেন, “মানবসেবায়, সমাজ পরিবর্তনের প্রত্যয় নিয়ে আমরা আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশনের যাত্রা শুরু করেছি। আমাদের মূল লক্ষ্য হলো এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা। আমরা দল-মতনির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করতে চাই। সংগঠনের সব কার্যক্রম স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
এদিকে, সংগঠনটির যাত্রা শুরুকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা আশা প্রকাশ করেন, সংগঠনটি এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন।
© Deshchitro 2024