|
Date: 2026-10-08 22:07:06 |
আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে গোপালপুর পৌরসভা কার্যালয়ে অনধিকার প্রবেশ করে চাঁদা দাবি, সরকারি কাজে বাধা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মো. জিয়া হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার মধুবাড়ী (ভাঙ্গাপাড়া) গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পৌরসভার সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে জিয়া হোসেন বিভিন্ন সময় পৌরসভার সহকারী প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলামের কাছে চাঁদা দাবি ও হোয়াটসঅ্যাপে ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে তাকে দুই হাজার টাকা দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, গত ১৭ সেপ্টেম্বর জিয়া হোসেনসহ অজ্ঞাতনামা ১০-১২ জন গোপালপুর পৌরসভা কার্যালয়ে গিয়ে চাঁদা দাবি করেন। দাবি পূরণ না হওয়ায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের গালিগালাজ, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে থানায় মামলা করা হয়।
লালপুর থানার এসআই এ.জে. মিন্টু জানান, মামলার তদন্তের ধারাবাহিকতায় জিয়া হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। মামলাটি তদন্তাধীন। গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
© Deshchitro 2024