|
Date: 2026-10-03 18:40:28 |
শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে এবং শিক্ষার্থীদের শিল্পমুখী দক্ষ করে তুলতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে “The Role of Academia–Industry Collaboration: Research Excellence, Innovation and Industrialization” শীর্ষক সেমিনার। এ অনুষ্ঠানে দেশের প্রথিতযশা পাঁচটি সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে পৃথক পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ শনিবার (৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন চত্বরে এ সেমিনার ও সমঝোতা স্মারক সইয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন৷
সমঝোতা স্মারক সই করা পাঁচটি প্রতিষ্ঠান হলো বায়োজিন কসমেসিউটিক্যালস (Bio-Xin Cosmeceuticals), রুপল ইন্টিগ্রেট (Integrated Aquaculture Farm), ডাটা সফট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলি (DMA) ইনক্ লিমিটেড, ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) এবং পল্লী উন্নয়ন একাডেমি (RDA), বগুড়া৷ এই সমঝোতার ফলে জাবিপ্রবি ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে যৌথ গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি বিনিময় এবং শিল্পসম্পৃক্ত শিক্ষা কার্যক্রমে নতুন সহযোগিতার পথ উন্মোচিত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা৷
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ হাসান স্বাগত বক্তব্য দেন৷
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে শিল্পখাতের সঙ্গে যুক্ত করা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ প্রয়োজন। শিল্পের বাস্তব চাহিদা ও সমস্যাকে গবেষণার সঙ্গে সম্পৃক্ত করতে পারলে গবেষণার ফলাফল আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে।” শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ওপর জোর দেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক এবং জাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন।
ড. আব্দুল মজিদ প্রামাণিক তাঁর বক্তব্যে বলেন, "গবেষণা ও উদ্ভাবনের ফলাফল মাঠপর্যায়ে প্রয়োগের জন্য বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ জরুরি। অন্যদিকে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন জানান, এই অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরির পাশাপাশি যৌথ গবেষণা ও প্রযুক্তি স্থানান্তর সহজ হবে।"
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন,"বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে শিল্প ও সমাজের প্রয়োজনের সঙ্গে যুক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। জাবিপ্রবিতে একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সহযোগিতার একটি কার্যকর কাঠামো গড়ে তুলতে পর্যায়ক্রমে আরও উদ্যোগ নেওয়া হবে।"
সেমিনারে মূল আলোচনার পাশাপাশি গবেষণার বাস্তব প্রয়োগ, প্রযুক্তিগত উৎকর্ষ ও শিল্পভিত্তিক দক্ষ মানবসম্পদ তৈরির সম্ভাবনা নিয়ে বিশদ কথা বলেন বক্তারা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘তারুণ্যের ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা, যেখানে শিক্ষার্থীরা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া নিয়ে তাঁদের নিজস্ব ভাবনা তুলে ধরেন, এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
ইংরেজি বিষয়ের প্রভাষক তোহফা মাহানূর এবং বাংলাদেশ স্টাডিজ বিষয়ের প্রভাষক বেলাল হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভবিষ্যতে এ ধরনের সেমিনার ও সিম্পোজিয়াম নিয়মিত আয়োজন করা হবে।
সেমিনারটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷
© Deshchitro 2024