|
Date: 2026-09-30 17:40:09 |
মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে নওগাঁর পত্নীতলায় এক সচেতনতামূলক আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণবল্লভ মাঠে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদক ও বাল্যবিবাহ শুধু একজন ব্যক্তি বা একটি পরিবারের সমস্যা নয়, এর মারাত্মক প্রভাব পুরো সমাজের ওপর পড়ে। সামাজিক এই ব্যাধিগুলো প্রতিরোধে পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” বাল্যবিবাহ রোধে তিনি অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক, তিনি সভায় বলেন, “মাদক তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আইনশৃঙ্খলা প্রয়োগের পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতাই মাদক প্রতিরোধের মূল চাবিকাঠি।” মাদক সংক্রান্ত যেকোনো তথ্য সরাসরি পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নওগাঁ-এর আইন কর্মকর্তা মোঃ রবিউল আউয়াল মাদকের কুফল ও সংশ্লিষ্ট আইন বিষয় তুলে ধরে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পারিবারিক পর্যায় থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে আয়োজক সংস্থা এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর এরিয়া ম্যানেজার রিন্টু মার্ডী বলেন, “সামাজিক ব্যাধি দূর করতে কোনো একক প্রতিষ্ঠানের প্রচেষ্টা যথেষ্ট নয়। প্রশাসন, স্থানীয় জনগণ ও সামাজিক নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” উপস্থিত বিভিন্ন গ্রাম থেকে আসা সকলের উদ্দেশ্যে কে তিনি আরো বলেন এস আই এল ইন্টারন্যাশনাল আপনাদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে।
তাই উন্নত সমাজ উন্নত জীবন করতে হলে বাল্যবিবাহ ও মাদক থেকে দূরে থাকতে হবে।
সভায় ধর্মীয় নেতা, গ্রাম প্রধান, সিবিও প্রতিনিধি ও যুব প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা নৈতিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ ও তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করার ওপর জোর দেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে মাদক ও বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর এরিয়া সুপারভাইজার মাথিয়াস হেম্ব্রম ও পবিত্র মালী উপস্থিত ছিলেন এবং যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সভা শেষে উপস্থিত সকলেই মাদক ও বাল্যবিবাহকে ‘না’ বলার অঙ্গীকার করেন এবং এ সংক্রান্ত এক শপথ বাক্য পাঠের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
© Deshchitro 2024