|
Date: 2026-09-30 14:09:59 |
জাতীয় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত “আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৬”-এর সমবেত নৃত্য বিভাগে ঢাকা জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ। এই অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টায় ঢাকার তেজগাঁও কলেজে এ জেলা পর্যায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সমবেত নৃত্য বিভাগে অংশ নেন। প্রতিযোগিতায় শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের প্রতিযোগীদের নান্দনিক ও প্রাণবন্ত পরিবেশনা বিচারকদের দৃষ্টি কাড়ে এবং প্রশংসা অর্জন করে।
শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের হয়ে প্রতিনিধিত্ব করেন শিক্ষার্থী মো. ইমরান হোসেন অর্নভ, আদোরিকা আফরিন, পূজা সরকার ও কাজী নয়ন মনি।
সাফল্যের পর অনুভূতি প্রকাশ করে শিক্ষার্থীরা জানান, সংস্কৃতিচর্চা আমাদের ঐতিহ্য ও শিকড়ের সঙ্গে যুক্ত রাখার পাশাপাশি একঘেয়ে জীবনে বিনোদন ও মানসিক প্রশান্তির বড় মাধ্যম। চিত্তবিনোদন মানুষের মৌলিক মানবিক চাহিদার অন্যতম অংশ, তাই পড়াশোনার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর অন্তত যেকোনো একটি মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে সম্পৃক্ত থাকা প্রয়োজন।
শিক্ষার্থীরা আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই প্রতিবছরের উদ্যোগ তরুণদের বিকাশ ও নতুন সুযোগ তৈরির ক্ষেত্র উন্মোচন করছে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের এই অর্জনে শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। বিভাগীয় পর্যায়েও শিক্ষার্থীরা তাঁদের প্রতিভার স্বাক্ষর রেখে প্রতিষ্ঠানের জন্য সুনাম বয়ে আনবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
© Deshchitro 2024