|
Date: 2026-09-30 10:34:09 |
কক্সবাজারের কুতুবদিয়ায় নিত্যপ্রয়োজনীয় বাজার নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আবুল কাশেম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ডায়াবেটিস মার্কেট সংলগ্ন এই দুর্ঘটনা ঘটে।নিহত আবুল কাশেম ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেইজ্যার পাড়ার মৃত মোসলেম উদ্দিনের পুত্র।
প্রতক্ষ্যদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাড়ি সংলগ্ন ডায়াবেটিস মার্কেটে যান আবুল কাশেম। ফেরার পথে হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে ধুরুং বাজারের মালেক শাহ ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরুল কায়েস মৃত ঘোষণা করেন।
এবিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
© Deshchitro 2024