গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা রাজবাড়ীর গোয়ালন্দে অননুমোদিত ওষুধ বিক্রি এবং নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গোয়ালন্দ উপজেলার বাজারসংলগ্ন এলাকায় ওষুধের যথাযথ মান ও নির্ধারিত মূল্যে সরবরাহ নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে যৌথভাবে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান। অভিযানকালে অননুমোদিত ওষুধ বিক্রি এবং নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩-এর ৪০(ঘ) ও ৪২(২) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৫৪ ধারায় অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে চারটি প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানা অনাদায়ে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ওষুধের যথাযথ মান, মূল্য ও বৈধতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অননুমোদিত ওষুধ বিক্রি এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির মতো অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024