মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের মির্জারচর সিনিয়র (আলিম) মাদ্রাসায় নিরাপদ অভিবাসন ও বিদেশফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতাধীন ‘ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জারচর সিনিয়র (আলিম) মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি, সহকারী শিক্ষকবৃন্দ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সেক্টর স্পেশালিষ্ট সাবিত হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রোগ্রাম অর্গানাইজার হাসান আল মামুন এবং বাঁশকান্দি ইউনিয়নের স্বেচ্ছাসেবক আন্নি আফরিন।

সভায় নিরাপদ ও বৈধ পথে বিদেশ গমন, বিদেশ যাওয়ার আগে সঠিক তথ্য সংগ্রহ ও যাচাই, অভিবাসন ব্যয় ও চুক্তি সম্পর্কে সচেতনতা, প্রতারণা ও অবৈধ পথে বিদেশ যাওয়ার ঝুঁকি এবং বিদেশফেরত অভিবাসীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনরেকত্রীকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং অভিবাসন বিষয়ে সঠিক তথ্য জানার গুরুত্বও তুলে ধরা হয়।

আলোচনার পাশাপাশি নিরাপদ অভিবাসন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে বিভিন্ন তথ্যবহুল ভিডিও প্রদর্শন করা হয়। ভিডিও প্রদর্শনীর মাধ্যমে অভিবাসনের সম্ভাবনা ও ঝুঁকি, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এ বিষয়ে করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিদেশফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। বিদেশ থেকে ফিরে আসা অভিবাসীদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে পরিবার, সমাজ ও দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ এবং পুনরেকত্রীকরণে প্রয়োজনীয় সামাজিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে নিরাপদ অভিবাসন ও সংশ্লিষ্ট বিষয়ে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024