তফসিল ঘোষণা না হলেও কিশোরগঞ্জের কুলিয়ারচরে সম্ভাব্য উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে বইছে আগাম ভোটের হাওয়া। হাট-বাজার, মোড় আর রাস্তার পাশে বিলবোর্ড-পোস্টারের ছড়াছড়ি, তার সাথে সম্ভাব্য প্রার্থীদের জনসংযোগে সরগরম এখন উপজেলার প্রতিটি ইউনিয়ন। এই নির্বাচনী উত্তাপে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাধারণ মানুষের মুখে মুখে এখন ভেসে বেড়াচ্ছে সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. শহীদ উদ্দিন বাবুলের নাম।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে লড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে রীতিমতো মাঠ চষে বেড়াচ্ছেন এই যুব সংগঠক। প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লা ও বাজারে গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি মতবিনিময় করছেন তিনি।

উপজেলার পূর্ব গাইলকাটা গ্রামের সন্তান মো. শহীদ উদ্দিন বাবুল কুলিয়ারচরের তৃণমূল রাজনীতিতে এক পরিচিত নাম। বর্তমানে তিনি কুলিয়ারচর পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক এবং পূর্বে পৌর যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজপথের আন্দোলনে সক্রিয় থাকতে গিয়ে রাজনৈতিক জীবনে তাঁকে ছয়বার কারাবরণ করতে হয়েছে। দীর্ঘদিনের এই ত্যাগ ও রাজপথের শক্ত অবস্থানের কারণেই তরুণ প্রজন্ম ও সাধারণ ভোটারদের একটি বড় অংশ তাঁকে ইতিবাচকভাবে দেখছেন।

গণসংযোগকালে শহীদ উদ্দিন বাবুল বলেন, ব্যক্তিগত পদ-পদবি নয়, কুলিয়ারচরের সাধারণ মানুষ ও যুবসমাজের অধিকার আদায়ের লক্ষ্যেই মাঠে নেমেছি। প্রতিকূল পরিস্থিতিতেও এলাকার মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। জনগণের সমর্থন ও ভালোবাসায় নির্বাচিত হতে পারলে কুলিয়ারচরকে উন্নয়ন, ঐক্য ও অগ্রগতির এক আদর্শ উপজেলায় রূপান্তর করব।

প্রচারণার ধারাবাহিকতায় সোমবার সারাদিন ব্যাপী রামদী ইউনিয়নের জামতলী মোড়, আগরপুর বাজার, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের জাফরাবাদ মোড়, বড়চারা নতুন বাজার ও লক্ষ্মীপুর বাজারে সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে তাঁর উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য দেখা যায়। কেউ কেউ তাঁকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান।

তৃণমূল ভোটারদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং তরুণ সমাজকে সুসংগঠিত করার ক্ষমতার কারণে আগামী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে শহীদ উদ্দিন বাবুল শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024