|
Date: 2026-09-28 21:02:41 |
কল্পনা করুন এমন একটি দৃশ্যপট যেখানে আপনার আঙিনা পরিপূর্ণ হয়ে আছে মোম দিয়ে তৈরি অনেক রকম হস্তশিল্পে, যা শুধু আপনার আঙিনার সৌন্দর্যই বর্ধন করছে না, বরং আপনার পারিপার্শ্বিকতাকে এক জাদুকরী আবহে পূর্ণ করবে, মৃদু আভায় আলোকিত করবে, মনোরম ও প্রশান্তির সুগন্ধি ছড়াবে এবং বিশুদ্ধ কমনীয়তায় মাতিয়ে রাখবে….
মোম দ্বারা সৃষ্ঠ হস্তশিল্পের ঠিক তেমনই যেনো এক টুকরো স্বর্গরাজ্য সাজিয়ে যাচ্ছেন বরিশালের তরুণ নারী উদ্যোক্তা ফারিয়া ইসলাম। কখনও তার সুনিপুন দক্ষতায় মোম দিয়ে গড়ে ফেলেছেন সুদৃশ্য ফুলদানি, কখনওবা তার মুন্সিয়ানায় কাঁচের ভেতরের নকশায় বাড়ন্ত হচ্ছে মোমের তৈরি কাঠামো, আবার কোন মুহুর্তেই তার প্রস্তুতকৃত মোমের তৈরি শামুকের অবয়ব থেকে ঝরছে মুক্তো, কিংবা তার অনন্য পরশে হৃদয় চিহ্ন প্রজ্জ্বলিত হচ্ছে রঙিন মোমের স্তরকে ভেদ করে, অথবা তার তীক্ষ্ম দক্ষতায় সিনড্রেলা সদৃশ মোমের পুতুল মেলে ধরেছে ডানা।
বরিশাল নগরীতে অবস্থিত ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজে অধ্যয়নরত ফারিয়া ইসলামের সেই শৈশব থেকেই স্থাপত্য ও হস্তশিল্পের প্রতি ছিলো বিশেষ ভালো লাগার প্রবণতা, আর তারই সূত্র ধরে তিনি দিনের পর দিন অক্লান্ত অধ্যবসায় ও অনুশীলনে রপ্ত করেছেন মোমের হস্তশিল্পের অসাধারণ সব প্রক্রিয়া। তার এই শখ ও ভালোবাসার ব্যাপ্তিকে আরও বাড়িয়ে দিতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টি করেছেন তার স্বপ্নের প্লাটফরম ‘Butterfly Glow by Faria’-এই প্লাটফরমটির মাধ্যমেই ফারিয়া বরিশালে তৈরি করেছেন তার প্রত্যাশিত পণ্য বাজার। সৌন্দর্যপূজারী বরিশালের নাগরিকবৃন্দ অত্যন্ত সাশ্রয়ী মূল্যেই মোমের হস্তশিল্পগুলো সংগ্রহ করতে পারেন। আকর্ষণীয় সেবা প্রদান প্রক্রিয়ায় ইতোমধ্যেই ফারিয়া ইসলাম এবং তার ‘Butterfly Glow by Faria’ বরিশালের স্থানীয় সুধীজনের প্রশংসা কুড়াতে সমর্থ হয়েছে।
স্বল্পদৈর্ঘ্যের এ যাত্রায় ফারিয়ার স্বীকৃতি ও অর্জনের সংখ্যাও নেহায়েত কম নয়। সৃজনশীল প্রতিভা বিকাশের জনপ্রিয় অনলাইন মাধ্যম ‘International Platform’ আয়োজিত প্রতিযোগিতায় ক্রাফট বিষয়ে শীর্ষস্থান অর্জন, ‘Indian National Level Art & Craft Contest’-এ স্বীকৃতি সনদপত্র অর্জন, ‘Nacfun National Active Championship’-এ কৃতিত্ব সনদপত্র অর্জন, Youth Light আয়োজিত Online Craft Competition-এ চ্যাম্পিয়ন হওয়ার অনবদ্য সাফল্য অর্জন, Art & Craft for Awareness Campaigning-এ Appreciation Certificate অর্জন, iNNOVIZE Arts & Culture 2026-এ Certificate of Recognition অর্জন, India Art আয়োজিত ‘Khula Aaasman’ অনলাইন প্রদর্শনীতে অমূল্য সনদপত্র অর্জন-এ সবকিছুই যেনো ক্রাফট শিল্পে এক তারকার আগমনী বার্তাই জানান দিচ্ছে।
ফারিয়া মনে করেন তার এই স্বপ্নযাত্রায় তার পরিবার বটবৃক্ষের মত ছায়া প্রদান না করলে চলার পথটুকু এত মসৃণ হতো না। ভবিষ্যতে ফারিয়া আরও বড় পরিসরে তার দক্ষতার বহিঃপ্রকাশ ঘটিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন বোনেন।
© Deshchitro 2024