|
Date: 2026-09-28 17:56:59 |
লক্ষ্মীপুরের রায়পুরে দেলোয়ার হোসেন মৃধা নামের এক সাংবাদিকের বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে জমি দখল করার চেষ্টা করা হয়েছে। উপজেলার বামনী ইউনিয়নের সাদি মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে। ভূক্তভোগী আদালতে ভূমি নিরোধ আইনে মামলা করলে অভিযুক্ত নাছিমা বেগম (৫২) ও সাকিবুল হাসানের (২০) বিরুদ্ধে সোমবার দুপুরে (২৮ সেপ্টেম্বর) গ্রেপ্তারি পরোয়ানা দেন আদালত।
লক্ষ্মীপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. রেজাউল করিম এ আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী এ.কে.এম হুমায়ুন কবির ও বিবাদী পক্ষের আইনজীবী মনিরুল ইসলাম হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
ভূক্তভোগী দেলোয়ার হোসেন মৃধা জানান, তিনি বাসা নিয়ে দীর্ঘদিন রায়পুর শহরে বসবাস করেন। জমি দখল করতে তাঁকে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে জেলে রাখেন। এ সুযোগে সম্প্রতি তাঁর ভাবী নাছিমা বেগম ও ভাতিজা সাকিবুল হাসান তাঁর মালিকানাধীন জমি ও চলাচলের রাস্তা বন্ধ করে দখল করার চেষ্টা করেন। এ নিয়ে তিনি আদালতে ভূমি নিরোধ ও প্রতিকার আইনে মামলা করলে নির্দেশিত হয়ে পুলিশ তদন্ত প্রতিবেদন দেয়। প্রতিবেদনে তাঁর অভিযোগের সত্যতা পাওয়া যায়।
বাদী পক্ষের আইনজীবী এ.কে.এম হুমায়ুন কবির বলেন, লক্ষ্মীপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. রেজাউল করিম উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক ও পুলিশ প্রতিবেদন দেখে ঘটনা সঠিক বলে প্রতীয়মান হওয়ায় নাছিমা বেগম ও সাকিবুল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেন। ওই সময় অভিযুক্তরা আদালতে অনুপস্থিত ছিলেন।
বিবাদী পক্ষের আইনজীবী মনিরুল ইসলাম হাওলাদার বলেন, মামলার বাদির বিরুদ্ধে হত্যা মামলা চলমান রয়েছে। তিনি ওই মামলা থেকে বাঁচতে এবং বাদীদের চাপে রাখতে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দায়ের করে আমার মক্কেলদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরওয়ানার আদেশ পেয়েছেন।
© Deshchitro 2024