রংপুরের পীরগাছায় কদমতলা আল-হাজরা ইয়াতিমখানা ও হাফেজিয়া মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসিরুল কুরআন মাহফিল বাস্তবায়নে প্রস্তুতি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মাদরাসা হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

মাদরাসা সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আল কুরআন ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাক আহমদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মোস্তাফিজার রহমান, সেক্রেটারি মাওলানা হাশেম আলী, বিশিষ্ট ব্যবসায়ী শওকত আলী, কাজী আজিজুল ইসলাম, মাদরাসার সেক্রেটারি বাবলু রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, আল-হাজরা ইয়াতিমখানা ও হাফেজিয়া মাদরাসার উদ্যোগে আগামী ২৫ অক্টোবর মাদরাসা মাঠে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান মেহমান হিসেবে তাফসির পেশ করবেন সিলেট জেলার বিশিষ্ট ইসলামী বক্তা এম এম হাসিবুর রহমান।

মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ২৫ অক্টোবর পীরগাছা উপজেলায় অন্য কোনো মাহফিলের আয়োজন না করার জন্য সংশ্লিষ্ট আয়োজকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। সভা শেষে দেশ, জাতি ও উপস্থিত সবার মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুজ্জাহের। দোয়া শেষে অতিথিদের সম্মানে মাদ্রাসার পক্ষ থেকে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024