|
Date: 2026-09-27 18:43:02 |
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) শেরপুর সরকারি কলেজে জেলা পরিসংখ্যান কার্যালয়, শেরপুরের আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ দেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এ তথ্য তাদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণেও সহায়ক হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ, উপাধ্যক্ষ প্রফেসর মো. আকরাম হোসাইন এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ।
প্রশিক্ষণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬-এর তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু, নির্ভুল ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করার লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে জরিপের তথ্য সংগ্রহ কার্যক্রম আরও দক্ষ, নির্ভুল ও ফলপ্রসূভাবে বাস্তবায়ন সম্ভব হবে। সংগৃহীত তথ্য দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর আর্থসামাজিক বাস্তবতা চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© Deshchitro 2024