শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) প্রতাপনগর জ্ঞানের আলো সংলাপ কেন্দ্রে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চল-এর মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচি, ঝিনাইগাতী উপজেলা-এর উদ্যোগে এবং স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশ-এর সহযোগিতায় ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে মানসিক স্বাস্থ্য বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন প্যারা কাউন্সিলর জেসমিন আক্তার। ক্যাম্পেইনে প্রতাপনগর জ্ঞানের আলো সংলাপ কেন্দ্রের সংলাপ ফোরামের কিশোরী সদস্য, তাদের অভিভাবক, এলাকার প্রতিবেশী ছেলে-মেয়ে এবং এসএসটি কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। ক্যাম্পেইনে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, মানসিক স্বাস্থ্য সম্পর্কে প্রচলিত ভুল ধারণা, মানসিক চাপ ও উদ্বেগ মোকাবিলার উপায়, পরিবার ও সমাজের সহায়ক ভূমিকা এবং প্রয়োজনের সময় যথাযথ সহায়তা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রাথমিক চিকিৎসা বিষয়ে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় ধারণা ও সচেতনতা প্রদান করা হয়। আয়োজকরা বলেন, শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতিও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিশেষ করে কিশোর-কিশোরীদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটির সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মানসিক স্বাস্থ্য বিষয়ে ইতিবাচক ধারণা তৈরি এবং প্রয়োজনীয় সহায়তা গ্রহণে মানুষকে উৎসাহিত করা সম্ভব। ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা মানসিক স্বাস্থ্য বিষয়ে নিজেদের বিভিন্ন অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং সচেতনতা বৃদ্ধির জন্য এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024