|
Date: 2026-09-22 22:16:14 |
রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশন সংলগ্ন আশপাশের আবাসন প্রকল্পগুলোতে ভয়ভীতি প্রদর্শন এবং এলাকা নিয়ন্ত্রণের চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। তুরাগ থানা যুবদলের সভাপতি মামুন ও তার অনুসারীদের বিরুদ্ধে বহিরাগত ক্যাডার বাহিনী নিয়ে জমি দখলের অপচেষ্টা ও নিয়মিত সশস্ত্র মহড়া দেয়ার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
প্রকল্পের বাসিন্দা ও জমি মালিকদের সূত্রে জানা যায়, যুবদল নেতা মামুন সংশ্লিষ্ট কোনো জমির বৈধ মালিক বা অংশীদার নন। তা সত্ত্বেও তিনি নিয়মিত বহিরাগত ও সশস্ত্র অনুসারীদের নিয়ে জোরপূর্বক এলাকায় প্রবেশ করছেন। তারা সেখানে মহড়া দিয়ে অস্ত্রের ভয় দেখাচ্ছেন এবং এলাকার নিয়ন্ত্রণ নিজেদের কব্জায় নেয়ার চেষ্টা চালাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অধিবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, "তিনি আমাদের এই প্রকল্পের মালিক বা বাসিন্দাদের কেউ নন। অথচ বহিরাগত লোকজন নিয়ে এসে পুরো এলাকাকে অস্ত্রের মুখে জিম্মি করার চেষ্টা করছেন। আমরা প্রতিনিয়ত চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।"
জমি দখলের এই অপচেষ্টা ও পেশিশক্তির মহড়ার কারণে বর্তমানে উত্তরা ১৮ নম্বর সেক্টরের সংশ্লিষ্ট আবাসন প্রকল্পগুলোতে চরম নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে। বহিরাগতদের অবাধ অনুপ্রবেশের ফলে বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ও পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং প্রশাসনের উচ্চপর্যায়ের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।
© Deshchitro 2024