|
Date: 2026-09-21 12:45:11 |
চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কাটাছরা ইউনিয়নের আব্দুস সাত্তার ভূঁইয়ারহাট ঈদগাহ ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম মেম্বারের নেতৃত্বে আয়োজিত গণমিছিলটি আব্দুস সাত্তার ভূঁইয়ারহাট থেকে শুরু হয়ে প্রায় দুই কিলোমিটার দূরের বামনসুন্দর দারোগারহাট বাজার প্রদক্ষিণ করে। আবুল হোসেন মাস্টারের সভাপতিত্বে এবং কাটাছরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সামসুদ্দীন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম মেম্বার।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আলম মেম্বার বলেন, ‘মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। মাদকের কারণে তরুণ সমাজের একটি অংশ বিপথে চলে যাচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সন্তানদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের আরও সচেতন ভূমিকা পালন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘কাটাছরায় মাদকের কোনো স্থান হবে না। মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবীদের বিষয়ে তথ্য থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের এ সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে।’
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা শহীদ উল্ল্যাহ, ছিদ্দিক আহমদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম চৌধুরী মাসুম, মিরসরাই উপজেলা ক্রীড়া পরিষদের সদস্য সচিব নাঈম সরকার, কাটাছরা ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব জাবেদ, শাহ নুর আলী রুবেল।
বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
© Deshchitro 2024