|
Date: 2026-09-19 21:49:19 |
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মোটরসাইকেলের সাইড দেওয়া নিয়ে সামান্য তর্ক-বিতর্কের জের ধরে এক ব্যবসায়ীর দোকানে হামলা, ভাংচুর ও নগদ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। হামলায় ২জন আহত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ডুমরাকান্দা বাজারের দড়িগাঁও মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. হেলিম (৫৮) শনিবার (১৯সেপ্টেম্বর) দুপুরে বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৮সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে মোটরসাইকেলের সাইড দেওয়া নিয়ে সালুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য দড়িগাঁও গ্রামের মো. হেলিম মিয়ার ছেলে মো. পাবেল মিয়ার সাথে একই ইউনিয়নের ভিটিগাঁও (সেন বাড়ি) এলাকার আব্দুল কাদিরের ছেলে আব্দুর রহমান ওরুফে আলিফ (১৯) এর কথা কাটাকাটি হয়। এর জের ধরে ওইদিন শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে সালুয়া ইউনিয়নের ভিটিগাঁও (সেনবাড়ি) এলাকার আব্দুল কাদিরের ছেলে আব্দুর রহমান ওরুফে আলিফ (১৯) সহ তার বাবা আব্দুল কাদির (৫৩) এবং সরিয়ত উল্লাহ (৫৫), আবু সোমা (৩৯) ও জামাল উদ্দিন (৫৭) আরো ১০-১২ জনকে সাথে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডুমরাকান্দা বাজারে মো. হেলিমের দোকানে হামলা করে ভাংচুর ও লুটপাট করে। এতেই তারা খ্যান্ত হয়নি হেলিমের ছেলে জাবেদ মিয়া (২৩) কে মারধোর করে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এসময় জাবেদর মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয়। আহত জাবেদের ডাক-চিৎকারে তাঁর চাচা মো. হাকিম (৪৫) এগিয়ে এলে প্রতিপক্ষ তাঁকেও নির্মম ভাবে মারধর করে। হামলায় হাকিমের মাথা, কপাল ও বাম হাতের আঙুলে গুরুতর জখম হয়।
মো. হেলিম তাঁর এজাহারে উল্লেখ করেন, হামলাকারীরা তাঁর দোকানটিতে ভাঙচুর চালিয়ে আনুমানিক ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে এবং ক্যাশ বাক্সে থাকা নগদ ৩ লাখ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা জীবননাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এসময় স্থানীয়রা গুরুতর আহত জাবেদ ও হাকিমকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় শনিবার (১৯সেপ্টেম্বর) বিকালে স্থানীয়রা দড়িগাঁও রাস্তায় বিক্ষোভ করে আসামিদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ডুমরাকান্দা বাজারের ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
© Deshchitro 2024