|
Date: 2026-09-18 14:13:25 |
লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা
আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের দিয়ারসংকরপুর পদ্মার চরে পলিশেড হাউজে আধুনিক প্রযুক্তিতে উৎপাদিত হচ্ছে উন্নতমানের বিভিন্ন প্রজাতির সবজি চারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ‘বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ২০০ বর্গমিটার আয়তনের দুইটি পলিনেট হাউজ স্থাপন করা হয়েছে। এখানে আধুনিক ট্রে পদ্ধতির মাধ্যমে বছরব্যাপী ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মরিচসহ বিভিন্ন প্রজাতির উচ্চমূল্যের সবজির চারা উৎপাদন করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে চারাগুলো যেমন রোগমুক্ত ও সবল হচ্ছে, তেমনি বৈরী আবহাওয়া থেকেও সুরক্ষিত থাকছে। পরবর্তীতে এই মানসম্মত চারা স্থানীয় চাষীদের কাছে বিক্রি করা হচ্ছে, যা চরাঞ্চলের কৃষিতে ব্যাপক পরিবর্তন আনছে।
গত বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল আউয়াল এই সবজি চারা উৎপাদন পলিশেড হাউজ পরিদর্শন করেছেন।পাশাপাশি তিনি চর অঞ্চলে নিরাপদ ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে চারা উৎপাদনের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং কৃষকদের কল্যাণে সার্বিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
প্রকল্প পরিচালক কৃষিবিদ জিয়াউর রহমান উল্লেখ করেন যে উপকারভোগী কৃষকদের আধুনিক পদ্ধতিতে চারা উৎপাদনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ শেষে এই শেড হাউজে আধুনিক প্রযুক্তিতে চারা উৎপাদন করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে সেজন্য প্রকল্প থেকে ৫০০টি ট্রে, ৩০০ কেজি কোকোডাস্ট সহ পলিশেড হাউস নির্মাণ করে দেয়া হয়েছে।
উপকারভোগী কৃষক মোঃ মাইনুল ইসলাম এবং মোঃ শাহাবুদ্দিন বলেন এই শেড হাউসে চারা উৎপাদন করে নিজেরা ফসল আবাদ করছি এবং প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের অন্যান্য কৃষকদের মাঝে স্বল্প মূল্যে বিক্রি করছি। এছাড়াও বাজারে ভালো দামে চারা বিক্রি করে লাভবান হচ্ছি। বাজারে প্রতিটি চারা উৎপাদন খরচের চেয়ে দ্বিগুণ নামে বিক্রি করতে পারছি।
এসময় আরও উপস্থিত ছিলেন উপ-প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ মাসুদুর রহমান, উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, কৃষি সম্প্রসারণ অফিসার সুব্রত কুমার সরকার, স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী কৃষকবৃন্দ।
© Deshchitro 2024