দিনাজপুর জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক দুটি স্থান থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ কেজি ওজনের কাঁচা গাঁজার গাছসহ মোট ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
​পুলিশ সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে বিরামপুর ও নবাবগঞ্জ থানা পুলিশ এই সফল অভিযান দুটি পরিচালনা করে।
​বিরামপুর থানা পুলিশের একটি দল রাত্রিকালীন ডিউটি ও পরোয়ানা তামিলকালে বিরামপুর থানাধীন ৪নং দিওড় ইউনিয়নের ধানঘরা (পশ্চিমপাড়া) গ্রামে অভিযান চালায়। এ সময় মাদক বেচাকেনার সাথে জড়িত থাকার অভিযোগে মোঃ মোরছালিন (২৬) ও মোঃ ময়নুল ইসলাম (২৫)-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের হেফাজত থেকে তল্লাশি চালিয়ে ৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে, নবাবগঞ্জ থানাধীন দাউদপুর ইউনিয়নের হালুয়াঘাট গ্রামের মোঃ রাজু মিয়া (২৫) নামে এক ব্যক্তি নিজ বসতবাড়ির ছাদে লোকচক্ষুর আড়ালে গোপনে গাঁজার চাষাবাদ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল একই দিনে  সন্ধ্যা সাড়ে সাতটায় সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় তার বসতবাড়ির ছাদ থেকে আনুমানিক ১০ কেজি ওজনের কাঁচা গাঁজার গাছ উদ্ধার করা হয় এবং অভিযুক্ত আসামীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
​ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক মামলা রুজু করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
​মাদক নির্মূলে দিনাজপুর জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024