|
Date: 2026-09-17 17:14:21 |
আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধ :
নাটোরের লালপুরে ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুল্লাহ (২০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই তরুণ গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ উপজেলার উত্তর লালপুর গ্রামের মো. শহীদুল ইসলাম লাকীর ছেলে। তিনি রওজাতুস সুন্নাহ কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। আহতরা হলেন একই গ্রামের বজলুর রহমানের ছেলে ইমরান (২০) এবং বালিতিতা গ্রামের নাজির হোসেনের ছেলে মনি (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আব্দুল্লাহ, ইমরান ও মনি একটি মোটরসাইকেলে করে গোপালপুরের দিকে যাচ্ছিলেন। শিমুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই আব্দুল্লাহ মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে লালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ইমরান ও মনিকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রুমাইয়া হক রাকা বলেন, হাসপাতালে আনার আগেই আব্দুল্লাহর মৃত্যু হয়েছে। আহত দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
© Deshchitro 2024