শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে পৃথক তিনটি মামলায় তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলা সদরে পরিচালিত অভিযানে এ দণ্ডাদেশ দেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীন। দণ্ডপ্রাপ্তরা হলেন ঝিনাইগাতী সমজিদ রোড এলাকার আব্দুর রহিমের ছেলে রাশেদুল ইসলাম (২৮), উপজেলার বন্দভাটপাড়া এলাকার তাইজুল ইসলামের ছেলে তাকবীর (২৫) এবং একই এলাকার আবেদ আলীর ছেলে সাইদুল ইসলাম (২৫)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা পৃথক তিনটি মামলায় রাশেদুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, তাকবীরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সাইদুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। দণ্ডাদেশের পর ওই রাতেই তিনজনকে ঝিনাইগাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাদের কারাগারে পাঠায়। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত তিনজনকে রাতেই পুলিশি প্রক্রিয়ায় জেল হাজতে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীন বলেন, মাদকবিরোধী অভিযান ও মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024