রংপুরের পীরগাছায় বাংলাদেশ মাদ্রাসা অ্যাসোসিয়েশনের উদ্যোগে আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কদমতলী বাজারস্থ মাদ্রাসা চত্বরে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাক আহমেদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আমিনুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল। 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা ইদ্রিস আলী, আল ফোরকান ট্রাস্টের সেক্রেটারি মোস্তাফিজার রহমান, উপাধ্যক্ষ মাওলানা আজগর আলী,আল হাজরা ইয়াতিমখানার সেক্রেটারী বাবলু রহমান, সহকারী শিক্ষক জিল্লুর রহমান, ব্যবসায়ী শওকত আলী সহ অনেকে। 

আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের শিক্ষাজীবনে আরও এগিয়ে নিতে এ ধরনের বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও দেশ-সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

পরে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৩৪জন ছাত্র-ছাত্রীদের হাতে নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024