আবু তালে, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি, সেবন ও জুয়ার আসর ঘিরে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, এলাকার বিভিন্ন স্থানে প্রকাশ্যেই মাদকসেবীদের বিচরণ দেখা যাচ্ছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও মাদকের প্রভাবে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া ভাঙ্গাপাড়া, মোহরকয়া পশ্চিমপাড়া, রসুলপুর গুচ্ছগ্রাম, মহারাজপুর, ফতেপুর মোড়, চকবাদকয়া, বড়বাদকয়া ও নাগশোষাসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগ রয়েছে। কয়েকটি বাড়ি ও দোকানেও কৌশলে গাঁজা ও ইয়াবা বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এদিকে মহারাজপুরের রমজান আলীর আমবাগান এবং নাগশোষা গোরস্থান এলাকায় নিয়মিত জুয়ার আসর বসার অভিযোগও পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, নাগশোষার মৃত শুকচাদের ছেলে বানেজ শাহের আশ্রয়ে একটি গ্রুপ নিয়মিত জুয়ার আসর পরিচালনা করে থাকে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, পুলিশ মাঝে মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেপ্তার করলেও জামিনে বা আইনি প্রক্রিয়ায় বেরিয়ে এসে কেউ কেউ আবার একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ফলে স্থায়ীভাবে মাদক ও জুয়ার বিস্তার ঠেকাতে আরও কার্যকর ও ধারাবাহিক অভিযান দাবি করেছেন তারা। সম্প্রতি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বিলমাড়িয়া যুবসমাজের একাংশ মিছিল ও সমাবেশ করেছে। এতে মাদক বিক্রি ও সেবন বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের পাশাপাশি এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। স্থানীয় সচেতন মহল বলছে, মাদক ও জুয়ার বিস্তার বন্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, মাদক ,জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে , কাউকেই কোন ছাড় নাই।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024