|
Date: 2026-09-09 19:05:19 |
রংপুরের পীরগাছায় নিরাপদ ও মানসম্মত গোশত উৎপাদন এবং সরবরাহ নিশ্চিত করতে গোশত ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পশুরোগ আইন-২০০৫ এবং পশু জবাই ও গোশতের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ সম্পর্কে ব্যবসায়ীদের সচেতন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাকিল আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. উৎপল রায়, আবাসিক মেডিকেল অফিসার ডা. অনিন্দ্য কুমার দে, উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুল, ইউপি চেয়ারম্যান নাজির হোসেন ও আব্দুস সালাম আজাদ জুয়েলসহ সংশ্লিষ্টরা।
সভায় নিরাপদ গোশত উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও ভোক্তা পর্যায়ে সরবরাহের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ এবং তা মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রাণী থেকে মানুষ এবং মানুষ থেকে প্রাণীতে সংক্রমিত হতে পারে এমন জুনোটিক রোগ প্রতিরোধে গোশত ব্যবসায়ীদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাকিল আহমেদ বলেন, দেশে বর্তমানে গোশতের উৎপাদন পর্যাপ্ত হলেও ভোক্তার কাছে নিরাপদ গোশত পৌঁছে দেওয়া এখনও একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলা করে কীভাবে ভোক্তা পর্যায়ে নিরাপদ গোশত নিশ্চিত করা যায়, সেটিই এ মতবিনিময় সভার মূল উদ্দেশ্য।
তিনি বলেন, গোশত ব্যবসায়ীদের মাধ্যমে উৎপাদিত মাংস প্রক্রিয়াজাত হয়ে ভোক্তার কাছে পৌঁছে। তাই নিরাপদ উৎপাদন, সঠিক প্রক্রিয়াজাতকরণ ও স্বাস্থ্যসম্মত বিপণন সম্পর্কে ব্যবসায়ীদের সচেতন করা অত্যন্ত জরুরি। বিশেষ করে জুনোটিক রোগ প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় নিরাপদ ও মানসম্মত গোশত উৎপাদন এবং সরবরাহ নিশ্চিত করতে প্রাণিসম্পদ দপ্তর, প্রশাসন, জনপ্রতিনিধি, খামারি ও গোশত ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষা ও প্রাণীজনিত রোগ প্রতিরোধে সচেতনতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
© Deshchitro 2024