যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে ছিনতাইয়ের চেষ্টার শিকার হয়েছেন শাহানারা (৬৫) নামের এক বৃদ্ধা। তবে শেষ রক্ষা হয়নি; কাটার দিয়ে গলা থেকে স্বর্ণের চেইন কাটার সময় শাহানা (২৬) নামের এক নারীকে হাতেনাতে ধরে ফেলেছেন উপস্থিত জনতা।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) নিচতলায় এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।আটক শাহানা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দৌলতপুর গ্রামের মাহমুদ আলীর স্ত্রী। অন্যদিকে ভুক্তভোগী বৃদ্ধা শাহানারা যশোর সদর উপজেলার বড় মেঘলা এলাকার মোজাম্মেল হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শাহানারা বেগম হাসপাতালের সিসিইউ ইউনিটের নিচতলায় চিকিৎসাসেবা নেওয়ার জন্য অবস্থান করছিলেন। এ সময় সুকৌশলে শাহানা তাঁর পেছনে গিয়ে ওড়নার ভেতর হাত ঢুকিয়ে দেন। এরপর সঙ্গে থাকা ধারালো কাটার দিয়ে বৃদ্ধার গলার চেইনটি কেটে নেওয়ার চেষ্টা করেন। চেইন কাটার বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী ও আশপাশের লোকজন সঙ্গে সঙ্গেই অভিযুক্ত নারীকে ধরে ফেলেন।

পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে আট আনা ওজনের কেটে ফেলা স্বর্ণের চেইনটি এবং অপরাধে ব্যবহৃত কাটারটি উদ্ধার করা হয়।ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত শাহানাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024