জয়পুরহাটের ক্ষেতলালে লাইসেন্স ছাড়া অবৈধভাবে সার বিক্রি ও মজুদের দায়ে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দোকান থেকে ৫৭ বস্তা সার জব্দ করে তা নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে। ​রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বড়তারা ইউনিয়নের পাঠানপাড়া বাজারে ‘মেসার্স নুর ইসলাম ট্রেডার্স’ নামের এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী। ​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মেসার্স নূর ইসলাম ট্রেডার্সের স্বত্বাধিকারী ও খুচরা সার বিক্রেতা আবু হাসান দীর্ঘদিন ধরে উপযুক্ত নিবন্ধন বা লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এছাড়া তার দোকানে সারের মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্যাশমেমো ব্যবহার না করা এবং অবৈধভাবে সার মজুদের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ​অভিযানকালে ওই দোকান থেকে ৪৯ বস্তা টিএসপি, ৫ বস্তা এমওপি এবং ৩ বস্তা ইউরিয়াসহ মোট ৫৭ বস্তা সার জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত সারসমূহ সরকারের নির্ধারিত মূল্যে উপস্থিত কৃষকদের মাঝে বিক্রি করা হয়। সার বিক্রির মোট ৭৫ হাজার ২০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। ​এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী বলেন, কৃষকদের স্বার্থরক্ষা এবং সারের বাজার স্থিতিশীল রাখতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। অসাধু উপায়ে লাইসেন্স ছাড়া সার বিক্রি, কৃত্রিম সংকট তৈরি বা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার চেষ্টা করা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ​অভিযানকালে ক্ষেতলাল উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ ও পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024