যশোরের অভয়নগরে নারকেল গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন হোসেন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জগবাবুর মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত ইমন হোসেন উপজেলার রাজঘাট জাফরপুর এলাকার ইব্রাহিম বাবুর ছেলে। তিনি জগবাবুর মোড় এলাকার একটি ঢালায় পিলার ফ্যাক্টরির কর্মচারী ছিলেন।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রবিবার ফ্যাক্টরি ছুটি থাকায় ইমন হোসেন নিজ দায়িত্বে নারকেল গাছের পাতা কাটতে ওঠেন। গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি গাছের ওপরেই বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

​নিহতের স্ত্রী ফাতেমা খাতুন জানান, "আমার স্বামী ছুটির দিনে নারকেল গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। ঘটনার প্রায় দুই ঘণ্টা পরে আমি বিষয়টি জানতে পেরেছি।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান বলেন, "প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যুর বিষয়টি আমরা জানতে পেরেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024