|
Date: 2026-09-05 18:51:20 |
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, স্থানীয় প্রশাসনকে কঠোর হস্তে মাদক নির্মূল করতে হবে। আমাদের অভিভাবকরা ভাল নেই। যেখানেই মাদক কারবারী ও মাদকসেবীদের পাওয়া যাবে তাদের ধরে ধরে ১ থেকে ২ বছরের জেল দিয়ে দিবেন। তিনি আরও বলেন বর্তমান তারেক রহমানের সরকার মাদক থেকে তরুণ সমাজকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে তরুণদের অংশগ্রহণের চেষ্টা চালাচ্ছেন। তরুণদেরকে কর্মমূখী করার জন্য সারাদেশেই এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।
তিনি আজ বিকেলে মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বিদ্যালয়ে আসা যাওয়ার জন্য সাইকেল প্রদান ও আয়বর্ধক কাজের জন্য সেলাইমেশিন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বাংলা ভাষার পাশাপাশি তরুণ যুবকদের ইংরেজী, চাইনিজ ও জাপানী ভাষা শিখতে হবে। জাপান ও চীনে ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠির কর্মীর চাহিদা ব্যাপক। তাদের ভাষা শিখার জন্য এবং সংস্কৃতি চর্চা আরো গতিশীল করার জন্য কালচারাল সেন্টার করা হবে। কয়েক মাসের মধ্যেই এআই ও ফ্রিল্যান্সিং শিক্ষা কেন্দ্র করা হবে। যাতে করে মধুপুরের মানুষ কর্মক্ষম ও বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এর চেয়ারম্যান এড. মোঃ শামসুজ্জামান সুরুজ, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি মোঃ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, উপজেলা বিএনপি'র সিনিয়র সহ সভাপতি এম রতন হায়দার, সহ সভাপতি লিলি সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিসহ সুশীল সমাজের ব্যক্তিরা।
© Deshchitro 2024