কৃষকদের সার ও বীজ প্রাপ্তিতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার নির্ধারিত মূল্যে সার ও বীজের সরবরাহ এবং বিতরণ নিশ্চিত করতে হবে।

​বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘কাঞ্চন-১’-এ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​সভায় সার চুরি ও কৃত্রিম সংকট রোধে কঠোর মনিটরিংয়ের ওপর জোর দিয়ে প্রধান অতিথি বলেন, কৃষকরা যেন কোনোভাবেই হয়রানি বা বঞ্চনার শিকার না হন, সেদিকে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কৃষকের প্রয়োজন অনুযায়ী সঠিক সময়ে সার ও বীজ প্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

​সভায় অন্যান্যের মধ্যে জেলার সার ও বীজের বর্তমান মজুত, সরবরাহ পরিস্থিতি, বিতরণ প্রক্রিয়া এবং কৃষি খাতের সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক মোঃ আফজাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরে আলম সিদ্দিকী,বিএডিসি সার ও বীজ বিপনন কেন্দ্রের উপ-পরিচালক সিজাউর রহমানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024