শেরপুরের ঝিনাইগাতীতে তিনটি জবাই করা ঘোড়ার মাংস ও তিনটি জীবিত ঘোড়া জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম ভালুকার ফুলহারি এলাকা থেকে এসব জব্দ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলহারি এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে ঘোড়া জবাই করে মাংস বিক্রি করে আসছিল। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন সচেতন নাগরিক ওই এলাকায় তিনটি জবাই করা ঘোড়ার মাংস এবং তিনটি জীবিত ঘোড়া বাঁধা অবস্থায় দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে এর আগেই ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘোড়ার মাংসের নমুনা ও বিভিন্ন আলামত জব্দ করে। তবে পুলিশের উপস্থিতির আগেই কারবারিরা সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে ঘোড়ার মাংসের নমুনাসহ প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়েছে। পুলিশ পৌঁছানোর আগেই সংশ্লিষ্টরা পালিয়ে যায়। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024