পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন, শেরপুরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশীদ পলাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ। এ সময় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন, শেরপুরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সংবাদকর্মী, ইমাম ও খতিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, কর্ম, আদর্শ ও মানবতার প্রতি তাঁর অবদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মহানবী (সা.)-এর জীবনাদর্শ ও জীবন দর্শন নতুন প্রজন্ম, বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানে ইসলামিক ফাউণ্ডেশন, শেরপুরের আয়োজনে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024