কুড়িগ্রামের উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে পৌর শহরের আজমের মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম এর পরিদর্শক আবু নায়েম মোঃ নুরন্নবী উলিপুর থানার সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন। উক্ত অপরাধে তাদের প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনে উক্ত আইনের ৩৬(১) এর সারণীর ১৬ নং ধারায় ০৩ মাসের কারাদণ্ড ও ১০০০/- টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
দণ্ডপ্রাপ্তরা হলেন শাহ্ আলম (৪২), সালমান রহমান পিয়াস (৩০) ও শ্রী তুষার দত্ত (২৮)। এর মধ্যে শাহ আলমের বাড়ী বরিশাল গৌরনদী উপজেলায় ও বাকী ২ জনের উলিপুর উপজেলায়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।