শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ মধ্যবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযানে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে বাজারের পাঁচটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। অভিযানে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মো. সুলতান মাহমুদসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অভিযানের সার্বিক নিরাপত্তায় শেরপুর পুলিশ লাইনের একটি চৌকস দল দায়িত্ব পালন করে। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, বাজারে পণ্যের মূল্য ও মান নিয়ন্ত্রণ এবং অনিয়মকারী ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024