|
Date: 2026-08-23 00:28:24 |
নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন-এর গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষরের মধ্য দিয়ে সংগঠনটির প্রাতিষ্ঠানিক পথচলায় গুরুত্বপূর্ণ একটি মাইলফলক অর্জিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করা হয়। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রত্যাশিত সংগঠনটি আরও সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে এগিয়ে যাওয়ার সুযোগ পেল।
এর আগে গত ২২ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্র অনুমোদন করা হয়।
পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার সেই অনুমোদিত গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষরের মাধ্যমে সংগঠনটির কার্যক্রমকে আরও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করা হলো।
সংগঠন সংশ্লিষ্টরা জানান, অ্যালামনাই এসোসিয়েশনের মূল লক্ষ্য হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধি করার পাশাপাশি নিজেদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক কল্যাণে সম্মিলিতভাবে কাজ করা। শিক্ষার্থীদের শিক্ষা, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা এবং বিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রমেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
গঠনতন্ত্র প্রণয়ন ও আনুষ্ঠানিক স্বাক্ষরের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় মূল্যবান সময়, আন্তরিকতা, পরামর্শ ও সহযোগিতার জন্য সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন সৈয়দ হারুন এমজেএফ -এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন অ্যালামনাই এসোসিয়েশনের সংশ্লিষ্টরা।
তারা বলেন, প্রধান উপদেষ্টার দিকনির্দেশনা, অভিজ্ঞতা ও সহযোগিতা সংগঠনটির ভবিষ্যৎ পথচলাকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর সহযোগিতায় অ্যালামনাই এসোসিয়েশন ঐক্যবদ্ধভাবে বিদ্যালয়ের কল্যাণ ও এলাকার সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যরা মনে করেন, গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনা, সদস্যদের মধ্যে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত এবং একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ ভিত্তি।
প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুলের ঐতিহ্য, সুনাম ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের প্রত্যয়-“একসাথে এগিয়ে যাব, আমাদের প্রিয় প্রতিষ্ঠানের কল্যাণে।”
© Deshchitro 2024