|
Date: 2026-08-22 20:48:46 |
বিগত সরকারের সঙ্গে সংশ্লিষ্টতাসহ এলাকায় ‘ফিতনা’ সৃষ্টি ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ
মৌলভীবাজার জেলা মডেল মসজিদের সদ্য নিয়োগপ্রাপ্ত ইমাম মাওলানা শাহ আলমের অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় এলাকাবাসী। তাঁর বিরুদ্ধে বিগত সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা এবং এলাকায় ‘ফিতনা’ সৃষ্টি ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ করেছেন কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা।
শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর এলাকায় জেলা মডেল মসজিদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
‘জগন্নাথপুর এলাকাবাসী’র ব্যানারে আয়োজিত মানববন্ধনে জেলা সদরের বিভিন্ন কওমি মাদ্রাসার আলেম, শিক্ষক, শিক্ষার্থীসহ শতাধিক মুসল্লি অংশ নেন।
বিশিষ্ট আলেম ও জগন্নাথপুর শাহী ঈদগাহের সাবেক ইমাম মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মাওলানা আল-আমীনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য শাহ হেলাল শাহেল, বাবুল মিয়া, জয়নাল আবেদীন কাজল, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা ফারুক আহমেদ, দারুল উলুম মাদ্রাসার সাবেক মুহাদ্দিস মাওলানা মুজাহিদুল ইসলাম ও মাওলানা লোকমান আহমেদসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাওলানা শাহ আলম এলাকায় শান্তি, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার পরিবর্তে বিভেদ ও ফিতনা সৃষ্টি করছেন। বক্তাদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে বিগত সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং তাঁর বিভিন্ন কর্মকাণ্ডে সাধারণ মুসল্লিদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি হয়েছে।
এ সময় প্রশাসনের কাছে তিন দফা দাবি জানান বক্তারা। দাবিগুলো হলো— মাওলানা শাহ আলমকে দ্রুত জেলা মডেল মসজিদের ইমামের দায়িত্ব থেকে অপসারণ, তাঁর বিরুদ্ধে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মসজিদের ভাবমূর্তি রক্ষায় একজন যোগ্য ও দলনিরপেক্ষ আলেমকে নতুন ইমাম হিসেবে নিয়োগ।
বক্তারা বলেন, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
© Deshchitro 2024