“শিক্ষা দক্ষতায় সচেতন কিশোরী, সুরক্ষিত আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের সীডস কর্মসূচির আয়োজনে শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে সহায়তা করে স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুজ্জামান, কাকিলাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, গবরীকুড়া মেঘনা সিবিও’র সভাপতি শাহানা ইয়াসমিন এবং সীডস কর্মসূচির শ্রীবরদী উপজেলা সমন্বয়কারী সত্যজিত মৃ। কুতুবপুর আশার আলো সিবিও’র সভাপতি সুবেদা বেগমের সভাপতিত্বে ও কারিতাসের মাঠ সহায়ক সুলভ দফোর সঞ্চালনায় সমাবেশে শ্রীবরদী উপজেলার বিভিন্ন সংলাপ কেন্দ্রের ১৬০ জন কিশোরী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী সংলাপ কেন্দ্রগুলো হলো গবরীকুড়া স্বপ্নের ঠিকানা সংলাপ, খঞ্চেপাড়া জ্ঞানের দিশারী সংলাপ, চকপাড়া মুক্ত কথা সংলাপ, সাতানিপাড়া স্বপ্নের সিঁড়ি সংলাপ, খামারপাড়া আলোর দিশা সংলাপ, কাকিলাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয় আলোছায়া সংলাপ এবং বগুলাকান্দি আলোর দিশা সংলাপ। অনুষ্ঠানে কিশোরীদের শিক্ষা, দক্ষতা অর্জন, আত্মবিশ্বাস বৃদ্ধি, সচেতনতা এবং নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা কিশোরীদের নিয়মিত শিক্ষা গ্রহণের পাশাপাশি জীবনদক্ষতা অর্জন, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশে সংলাপ শিখন থেকে ইকরা তাবাচ্ছুম তাইবা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের উপস্থাপনা করেন মারিয়া ও স্বর্ণা। আয়োজকরা জানান, কিশোরীদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের আত্মবিশ্বাসী, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংলাপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ধরনের সমাবেশ কিশোরীদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে ইতিবাচক পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024