|
Date: 2026-08-19 17:53:05 |
কলকাতার নিউমার্কেট এলাকায় অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচ জন বাংলাদেশি বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, পরিবার চাইলে নিহতদের মরদেহ আনার খরচ সরকার বহন করবে।
শামা ওবায়েদ ইসলাম বলেন, কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি নাগরিকের মরদেহ শনাক্ত করা গেছে। এদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য। অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ যাবৎ এ অগ্নিকাণ্ডে মোট নয় জন মারা গিয়েছেন। তাদের মধ্যে পাঁচ জন বাংলাদেশি বলে স্থানীয় পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেছে। এরা হলো, সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন এবং তাদের ছেলে শর্ণশিষ দত্ত নিহত হয়েছেন।
এছাড়া দেবাশীষের শ্বশুর আকরাম আলীও ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। নিহত অপর বাংলাদেশির নাম আহমেদ বাবু। তার বাড়ি সাভারের আমিনবাজার বেগুনবাড়িতে।
এদিকে দুর্ঘটনার পর উপ-হাইকমিশন থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দুর্ঘটনায় আহত ছয় জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।
© Deshchitro 2024