গত ১৬ আগষ্ট স্বাস্থ্য সেবা বিভাগ(সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা -১শাখা) এবং অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২ এর উপসচিব শুক্লা সরকার সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে উল্লেখ করা

হয় যে উল্লেখিত স্মারকে যাবতীয় বিধিবিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম কানুন যথাযথভাবে
প্রতিপালনের শর্তে স্বাস্থ্য সেবা বিভাগের অধীন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫শ থেকে ১হাজার শয্যা সংখ্যা বৃদ্ধি ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুকরনে অর্থ বিভাগের সম্মতি ও নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বৃহত্তর দিনাজপুর জেলাসহ পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ মানসম্মত ও পর্যাপ্ত চিকিৎসাসেবা থেকে অনেকাংশে বঞ্চিত হচ্ছিল। বর্তমান ৫শ শয্যার এই হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপের কারণে মেঝেতে ও বারান্দায় গাদাগাদি করে চিকিৎসা নিতে হতো। এই জনদুর্ভোগ লাঘবে এবং চিকিৎসাসেবার পরিধি বহুগুণ বাড়িয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে জোরালো উদ্যোগ গ্রহণ করেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।তার নিরলস প্রচেষ্টা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ধারাবাহিক যোগাযোগ এবং অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ ২ নীতি নির্ধারক মহলের সবুজ সংকেতের ফলেই অবশেষে ১ হাজার শয্যায় উন্নীতকরণের এই গুরুত্বপূর্ণ অনুমোদন মিলেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি খুব শীঘ্রই এই হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, বিশেষজ্ঞ চিকিৎসকের পদায়ন এবং অবকাঠামোগত উন্নয়ন কাজ শুরু হবে। এর ফলে শুধু দিনাজপুর জেলার বাসিন্দারাই নন, বরং ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারীসহ আশপাশের কয়েকটি জেলার হাজার হাজার মানুষ আরও উন্নত, আধুনিক ও পূর্ণাঙ্গ চিকিৎসাসেবার সুবিধা পাবে।
দিনাজপুরবাসীর প্রত্যাশিত এই বড় অর্জনে স্থানীয় সাধারণ মানুষ, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা দিনাজপুর সদর এমপির এই জনকল্যাণমুখী ও যুগান্তকারী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং দ্রুততম সময়ের মধ্যে ১ হাজার শয্যার এই হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর জোরালো দাবি জানিয়েছেন।