শেরপুরের ঝিনাইগাতীতে স্বামীর ক্রয়কৃত ও ভোগদখলীয় জমি দখলকে কেন্দ্র করে চাঁদা দাবি, মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোছা. লাভলী খাতুন (৩৮) নামে এক নারী ঝিনাইগাতী থানায় লিখিত অভিযোগ করেছেন। একই অভিযোগ তুলে তিনি সংবাদ সম্মেলনও করেছেন। রোববার (১৬ আগস্ট) রাতে ঝিনাইগাতী সদর বাজারের ব্রিজপাড় এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন লাভলী খাতুন। তিনি নিজেকে বিধবা হিসেবে উল্লেখ করে জানান, তার স্বামী জীবিত থাকাকালে ক্রয় করা এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা জমি উপজেলার লয়খা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম (৪০) ও ছানোয়ার হোসেন (৩৫) দখল করে রেখেছেন। লাভলী খাতুনের অভিযোগ, স্বামীর মৃত্যুর পর তিনি ওই জমি ছেড়ে দেওয়ার জন্য অভিযুক্তদের অনুরোধ করলে তারা তাকে ও তার সন্তানদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন। অভিযোগে তিনি বলেন, গত ১৬ আগস্ট দুপুরে স্বামীর জমিতে ধানের চারা রোপণ করতে গেলে রফিকুল ইসলাম ও ছানোয়ার হোসেন তাকে বাধা দেন এবং এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে গালিগালাজ ও মারধর করা হয়। লাভলী খাতুন আরও দাবি করেন, তার চিৎকার শুনে ছেলে-মেয়েরা ঘটনাস্থলে এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। এ সময় তাকে টানাহেঁচড়া করে গলায় থাকা প্রায় ৬০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানান অভিযোগকারী। লাভলী খাতুন বলেন, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে মীমাংসার চেষ্টা করেও কোনো প্রতিকার পাননি। পরে বাধ্য হয়ে তিনি থানায় অভিযোগ করেছেন। সংবাদ সম্মেলনে লাভলী খাতুনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম ও ছানোয়ার হোসেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুর মোহাম্মদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024