|
Date: 2026-08-17 17:28:37 |
জামালপুরের ইসলামপুরে এবার এসএসসি পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত যমজ দুই ভাই মো. জাকারিয়া মাহী এবং মো. মোয়াজ বিল্লাহ শাহীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন নির্বাহী কর্মকর্তার (ইউএনও) শাহ্ মো. জুবায়ের।
সোমবার (১৭ আগষ্ট) দুপুর ১২টার দিকে ইউএনওর কার্যালয় কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ওই ক্রেস্ট প্রদান করা হয়েছে। এ ছাড়া ওই দুই কৃতী শিক্ষার্থীর হাতে নগদ অর্থও দেওয়া হয়।
সাফল্য অর্জনকারী জাকারিয়া মাহী ও মোয়াজ বিল্লাহ শাহী উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর শাহপাড়ার মণ্ডলবাড়ির বাসিন্দা এবং ইউনিয়নের চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমন পনিক ও গৃহিণী শারমিন আক্তার মিতু দম্পতির ছেলে। তারা বিজ্ঞান বিভাগে স্থানীয় গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো। প্রকাশিত ফলাফলে ১২৫০ নম্বরের মধ্যে মাহী পেয়েছে ১১৯০ নম্বর এবং শাহীর নম্বর ১১৮৮। তাদেরপ্রাপ্ত নম্বর এ উপজেলায় উত্তীর্ণদের মধ্যে সর্বোচ্চ। ভবিষ্যতে দুজনেরই স্বপ্ন প্রকৌশলী হয়ে দেশের মানুষের জন্য কাজ করা।
ক্রেস্ট প্রদানকালে কৃতী শিক্ষার্থী মাহী ও শাহীর উদ্দেশে ইউএনও শাহ্ মো. জুবায়ের বলেন, তোমাদের অসাধারণ সাফল্য অর্জনে আমরা গর্বিত। ভালো ফলাফল করে শুধু নিজেদের নয়, তোমাদের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এলাকারও সুনাম বয়ে এনেছ। তোমাদের এই সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যয়ন, শিক্ষক-অভিভাবকদের দিকনির্দেশনা এবং নিজেদের অদম্য ইচ্ছাশক্তি।
ইউএনও আরও বলেন, আমি তোমাদের বলতে চাই—ভালো ফলাফলই জীবনের শেষ অর্জন নয়; বরং এটি ভবিষ্যতের বড় স্বপ্ন পূরণের প্রথম ধাপ। তোমরা জ্ঞান, সততা, মানবিকতা ও দেশপ্রেমকে জীবনের মূল আদর্শ হিসেবে গ্রহণ করবে। সবশেষে তোমাদের প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করছি। তোমাদের স্বপ্নগুলো বাস্তবে রূপ নিক—এই প্রত্যাশা করি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আকতার কাকলী,
ইসলামপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান শাহীন, গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্বাস উদ্দিন, সিনিয়র সহকারী শিক্ষক মো. লিয়াকত আলী রিপন, মাহী-শাহীর মা শারমিন আক্তার মিতু, জেঠা মামুনুর রশীদ মামুন, সাংবাদিক শহিদুল ইসলাম কাজল এবং দৈনিক সংবাদের সাবেক সহসম্পাদক ও কলামিস্ট এম কে দোলন বিশ্বাস।
© Deshchitro 2024