‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সফল মৎস্য চাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা মৎস্য পক্ষ উদযাপন কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি  হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক-উর-রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাদিয়া সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আতিকুর রহমান, সাবেক আহ্বায়ক আক্কেলপুর পৌর বিএনপি মো. আলমগীর চৌধুরী বাদশা, আহ্বায়ক মো. আফাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম পল্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা মোশফিকুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্য চাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মৎস্য চাষিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সরকারি সহযোগিতা নিশ্চিত করা গেলে এ খাত আরও সমৃদ্ধ হবে। এতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মৎস্য খাত। মৎস্য চাষি রমজান আলী বলেন, উপজেলা মৎস্য দপ্তর থেকে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সহযোগিতা পেলে আমরা আরও বড় পরিসরে মৎস্য চাষ করতে পারব। এতে মাছের উৎপাদন বাড়বে এবং আমাদের আয়ও বৃদ্ধি পাবে। পরে জাতীয় মৎস্য পক্ষের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভা শেষে সফলতার স্বীকৃতি হিসেবে তিনজন মৎস্য চাষির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় মৎস্য চাষিদের উৎসাহিত করার পাশাপাশি আধুনিক ও টেকসই পদ্ধতিতে মৎস্য উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024