পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ গ্রেপ্তার ৫ জন


‎পলাশ উপজেলা প্রতিনিধি,নরসিংদী



‎                         নরসিংদী পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম হত্যা মামলার প্রধান আসামীসহ ৫ জনকে কক্সবাজার  থেকে  গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ।


‎                         ১৫ আগষ্ট ২০২৬ রোজ শনিবার সকালে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন  এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নরসিংদীর পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম সহ পুলিশের একদল চৌকস টিম

শুক্রবার (১৪ আগস্ট) রাত ৩  টায় কক্সবাজার জেলার মহেশখালীর ঠাকুরপাড়া এলাকার হোটেল গ্রীন প্যালেস নামে একটি আবাসিক হোটেল থেকে এজাহারভুক্ত হত্যা মামলার প্রধান আসামী সাফাদি মির্জা বিজয়সহ মোট ৫ জনকে সিপিএসসি নরসিংদী, র‍্যাব-১১ এর সহায়তায় গ্রেপ্তার করেন ।


‎                           গ্রেপ্তারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে  ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন বলেও জানান তিনি । গ্রেপ্তারকৃত আসামিরা হলেন হত্যা মামলার প্রধান আসামী সাফাদি মির্জা বিজয় (২৫),শাহ আলম ফকির (৩০),রিফাত ওরফে বাবু ফকির (২২),তুষার (২৫) ও মেহেদী (২০)  সব আসামীর বাড়ি পলাশের ডাঙ্গা ইউনিয়নের হাসানহাটা (ফকিরবাড়ী) গ্রামে।


‎         উল্লেখ, গত ( ২ আগস্ট)  রাত অনুমান পৌনে দুইটার দিকে পলাশের ডাঙ্গা ইউনিয়নে হাসানহাটা (ফকিরবাড়ী) এলাকায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসামী সাফাদি মির্জা বিজয় সহ তার সহযোগীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইব্রাহিম আল মাসুম ও তার সঙ্গী জয়নাল মাস্টার, মামুন আহম্মেদ,আমজাদ,কাউছার, মামুন,আকাশ, রুবেল ও ইমরানের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুলি বর্ষণ করে। এতে ইব্রাহিম আল মাসুম (৩৩) গুলিবিদ্ধ হন ও অন্যান্যরা গুরুতর আহত  হয়।


‎                    পরে আহত ইব্রাহিম আল মাসুমকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে (পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল) ভর্তি করা হলে ৯ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় (১০ আগস্ট)  সকাল সাড়ে ১০ টায়  মাসুম মারা যায়। এ ঘটনায় পলাশ থানায় নিহত মাসুমের শ্যালক হাসান  মহসিন বাদী হয়ে (গত ৪ আগস্ট)  ৩৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024