|
Date: 2026-08-12 00:47:14 |
নতুন ক্যাম্পাস, নতুন পরিচয় আর ভবিষ্যৎ গড়ার নানা স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম অধ্যায়ে পা রাখা নবীনদের বরণ করে নিয়েছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ম্যানেজমেন্ট বিভাগ।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে ‘Freshers Reception 2026’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। স্বাগত বক্তব্য দেন বিভাগের সহকারী অধ্যাপক এস. এম ইউসুফ আলী। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আতিকুর রহমান।
অনুষ্ঠানে কেক কেটে এবং নানাবিধ উপহার সামগ্রীর মাধ্যমে নবীন শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে ব্যতিক্রমী উপায়ে বরণ করা হয়। নবীনদের স্বাগত জানানোর পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্বশীলতা ও ক্যাম্পাস সবুজায়নের বার্তা দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়। নতুন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া প্রতিটি চারা যেন তাদের বিশ্ববিদ্যালয় জীবনের মতোই বেড়ে ওঠা, যত্ন ও ভবিষ্যতের সম্ভাবনার প্রতীক হয়ে ওঠে।
এ সময় নবীনদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস, আর মনে ছিল বিশ্ববিদ্যালয় জীবনকে ঘিরে নানা প্রত্যাশা। কেউ ভালো ফলাফল ও দক্ষতা অর্জনের স্বপ্নের কথা জানান, আবার কেউ ভবিষ্যতে নিজেকে যোগ্য পেশাজীবী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের সদস্যসচিব যীনাত মিয়া, ছাত্রশক্তির আহ্বায়ক লিটন আকন্দ, সাংবাদিক সমিতির ভিপি ও ডিবেটিং সোসাইটির জিএস ইয়াসির আরাফাত, বসুন্ধরা শুভসংঘের সভাপতি ও গ্রীণ ভয়েসের জিএস হুমায়ুন কবির এবং ম্যানেজমেন্ট সমিতির ভিপি মো. আশিক মিয়া।
বক্তারা নবীনদের উদ্দেশে বিশ্ববিদ্যালয় জীবনকে শুধু শ্রেণিকক্ষ ও পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে জ্ঞানার্জনের পাশাপাশি নেতৃত্ব, সৃজনশীলতা, যোগাযোগ দক্ষতা ও মানবিক মূল্যবোধ বিকাশের আহ্বান জানান। সময়ের যথাযথ ব্যবহার, নিয়মিত অধ্যয়ন এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় থাকার ওপরও গুরুত্ব দেন তারা।
নবীনদের উচ্ছ্বাস, শিক্ষকদের শুভকামনা, সবুজের বার্তায় ও নতুন স্বপ্নের আবহে অনুষ্ঠানটি হয়ে ওঠে তাদের বিশ্ববিদ্যালয় জীবনের পথচলার এক স্মরণীয় সূচনা।
© Deshchitro 2024