চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (৯ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউশন শাখার কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ডনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডির পুলিশ পরিদর্শক আরিফুর রহমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন বিকেল ৫টা ১০ মিনিটে বিচারক এজলাসে উঠেন। 

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) ওমর ফারুক ফারুকী ডনকে কারাগারে পাঠিনোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। বলেন, জনপ্রিয় ও নন্দিত চিত্রনায়ক সালমান শাহ হত্যার মামলার এজাহারে ডন ৪ নম্বর আসামি। দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। বিমানবন্দরে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে কারাগারে রাখা প্রয়োজন।’


ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে সিআইডির কাছে হস্তান্তর করে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024