রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের  উত্তর দাদন (দোলা পাড়া) এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে গাছ ও বাঁশঝাড় কেটে ক্ষতিসাধন, ভয়ভীতি প্রদর্শন এবং জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল হক (৫০) পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তার পৈতৃক ও ক্রয়সূত্রে মালিকানাধীন জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৩ আগস্ট সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে অভিণযুক্ত ওই গ্রামের আমির আলীর ছেলে হায়দার আলী, হায়দার আলীর স্ত্রী পারভীন বেগম সহ অনেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার জমিতে প্রবেশ করে কয়েকটি মেহগনি গাছের ডাল ও মধ্যাংশ এবং প্রায় ২০-২৫টি মাকলা বাঁশ ও কঞ্চি কেটে ফেলে।

তিনি আরও অভিযোগ করেন, তার ছেলে ও পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে অভিযুক্তরা তাদের মারধরের চেষ্টা করে, প্রাণনাশের হুমকি দেয় এবং জমি দখলের ভয়ভীতি প্রদর্শন করে। পরে অভিযুক্তরা কাটা গাছ ও বাঁশ ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায়।

ভুক্তভোগী এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অপরদিকে অভিযুক্তরা বলেন, তাদের গাছ তারা কেটে আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছে।

এ বিষয়ে পীরগাছা থানার পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024