লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় দলটির নেতারা জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান। বুধবার (৫ আগস্ট) বিকেল ৫ টার দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলটির নেতাকর্মীরা লালপুর উপজেলার চিনির বটতলায় সমবেত হন। পরে সেখান থেকে একটি গণমিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে লালপুর শ্রী সুন্দরী স্কুলে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ গণআন্দোলন। এ আন্দোলনের চেতনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই সনদ দ্রুত কার্যকর করা, জনগণের রায়ের যথাযথ প্রতিফলন নিশ্চিত করা এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। বক্তারা আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা সুসংহত করতে জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালপুর উপজেলা আমির মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, লালপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আফজাল হোসেন, মহসিন আলম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাটোর জেলা শাখার সাবেক সভাপতি জাহিদ হাসান প্রমূখ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024