ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দক্ষিণ চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটেছে। এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঈশ্বরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার স্কুল ছুটি দিয়ে শিক্ষকরা বাড়ি চলে যায়। পর দিন সোমবার শিক্ষকরা স্কুলে এসে দেখেন অফিস রুমের তালা কাটা। অফিস রুমে প্রবেশ করে শিক্ষকরা দেখতে পান রুমে থাকা ১টি সাউন্ড বক্স, রাউটার, রাইস কুকার, গ্যাস সিলিন্ডার, ১ বস্তা বন রুটি, ২ কার্টুন দুধ এবং অন্যান্য মালামালসহ প্রায় ৩০ হাজার টাকার সম্পদ চুরি করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জানান, উপজেলার ১১০টি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী নেই। প্রতিটি বিদ্যালয়ে লক্ষ লক্ষ টাকার মালামাল রয়েছে। এসব মালামাল সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় বিদ্যালয়ে রাখা হয়। এসব শিক্ষা প্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে নৈশ প্রহরী নিয়োগ দেওয়া হলে এই চুরির প্রবণতা রোধ করা সম্ভব হবে।

ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তার লক্ষ্যে বিট পুলিশিং এর মাধ্যমে গ্রাম পুলিশকে কাজে লাগিয়ে নিরাপত্তা বিধানের পদক্ষেপ গ্রহণ করা হবে। দক্ষিণ চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024