|
Date: 2026-07-30 21:10:32 |
রাস্তার মাঝেই মৃত্যুফাঁদ! যশোরের অভয়নগর উপজেলার পুড়াখালী ফকির বাগান থেকে রঙ্গার সড়কের মাঝখানে সৃষ্টি হয়েছে বড় একটি গর্ত, যা এখন পথচারী ও যানবাহনের জন্য ভয়াবহ ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষা মৌসুমে হঠাৎ সৃষ্টি হওয়া এ গর্তের নিচ দিয়ে পানির স্রোত প্রবাহিত হওয়ায় রাস্তার ভিত আরও দুর্বল হয়ে পড়েছে।
প্রতিদিন এ সড়ক দিয়ে শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ নওয়াপাড়া শহরে যাতায়াত করেন। কিন্তু রাস্তার মাঝখানে এমন বিপজ্জনক গর্ত থাকায় যেকোনো মুহূর্তে মোটরসাইকেল, ভ্যান, ইজিবাইক কিংবা অন্যান্য যানবাহন দুর্ঘটনার শিকার হতে পারে। স্থানীয়রা আপাতত একটি খুঁটি ও প্লাস্টিক বেঁধে সতর্কতার ব্যবস্থা করলেও তা স্থায়ী সমাধান নয়।
এলাকাবাসীর অভিযোগ, দ্রুত সংস্কার না করা হলে সামান্য বৃষ্টিতেই গর্তটি আরও বড় আকার ধারণ করবে এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই জনদুর্ভোগ ও সম্ভাব্য প্রাণহানি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
এলাকাবাসীর দাবি, জননিরাপত্তার স্বার্থে অতি দ্রুত রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে চলাচল নিরাপদ করা হোক।
© Deshchitro 2024